কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ককটেল হামলা
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা জজের সরকারি বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। একের পর এক এমন ঘটনায় পুরো জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, শনিবার রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার সময় বাসভবনটির পাহারার দায়িত্বে ছিলেন চারজন পুলিশ সদস্য। বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ সদস্যরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আকস্মিক এই বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, রাতে জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায়ও কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





