পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত যুবলীগ কর্মী
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শরীয়তপুরের নাওডোবা এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম সিপাহী।
রোববার (২৯ নভেম্বর) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন আহত হন। তাঁদের মধ্যে ইব্রাহিম সিপাহী ঢাকায় নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছে পুলিশ।
শরীয়তপুরের পুলিশ সুপার জানান, সড়ক অবরোধের চেষ্টা ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। তাঁদের একজনের মৃত্যু হয়েছে।
নিহত ইব্রাহিম সিপাহীর বাড়ি শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী গ্রামে।
সংঘর্ষে পুড়েছে মোটরসাইকেল, রেস্টুরেন্ট
স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নাওডোবা এলাকার ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে একই এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন। তাঁরা সেখানে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করেছিলেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সেই মঞ্চ ও প্যান্ডেলে আগুন দেন।
শরীয়তপুরের জিরো পয়েন্টে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে বিএনপির সমাবেশস্থলে ২৫টির বেশি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া পদ্মা সেতু সংলগ্ন ফুড ভ্যালি নামের একটি রেস্টুরেন্টেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অন্তত ১৫ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
আড়াই ঘণ্টা বন্ধ ছিল সেতুতে যান চলাচল
ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি উপস্থিত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংঘর্ষের কারণে ভোরে পদ্মা সেতুতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে দূরপাল্লার যানবাহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল।
শরীয়তপুরের পুলিশ সুপার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো গুলিবর্ষণ করা হয়নি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব
২ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





