শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব
রাজধানীর মিরপুরে শতাধিক ধরনের পিঠা, শিক্ষার্থীদের তৈরি পণ্য ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬’। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল মাঠে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর এ উৎসবের আয়োজন করে।
এভেরোজ গ্লোবাল শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মনিকা সোহাগের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর ও বসুন্ধরা ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজের শরিয়াহ ও ইসলামিক স্টাডিজবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোক্তার আহমদ এবং মিরপুর ক্যাম্পাসের উপদেষ্টা মজিদুল হক, মো. আফজালুল ইসলাম ও শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ।
আয়োজকদের হিসাবে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও তাদের স্বজনসহ প্রায় পাঁচ হাজার মানুষ এ উৎসবে অংশ নেন। ৫০টি স্টলে সাজানো উৎসবে শিক্ষার্থীদের পরিচালিত স্টলগুলোতে বিভিন্ন ধরনের পিঠার পাশাপাশি তাদের হাতে তৈরি পণ্য ও শিল্পকর্ম প্রদর্শন করা হয়।
পিঠার আয়োজনে ভাপা, চিতই ও পাটিসাপটার পাশাপাশি ছিল দুধচিতই, ক্ষীরপুলি, পাকন, মাংসপুলি, নকশি পিঠা, ফুল পিঠা ও পোয়া পিঠা। এ ছাড়া মাছের পিঠা, মিষ্টিকুমড়ার পিঠা ও কমলার পিঠার মতো ব্যতিক্রমী পিঠাও দর্শনার্থীদের আকৃষ্ট করে। বিভিন্ন স্টলে বোরকা, হিজাব, শাল, চাদর, নকশিকাঁথা ও মাটির গয়নাসহ নানা ধরনের হস্তশিল্প প্রদর্শিত হয়।
উৎসবে সাংস্কৃতিক পর্বে নাশিদ, কবিতা আবৃত্তি ও নাটিকার মাধ্যমে শীতকাল এবং গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ তুলে ধরেন শিক্ষার্থীরা। পাশাপাশি ছিল মেহেদি নকশা, চিত্রাঙ্কন ও শিশুদের জন্য খেলাধুলার আয়োজন। অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।
উৎসবের পরিকল্পনা ও পরিচালনায় নেতৃত্ব দেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের অধ্যক্ষ ফাতিমা জেমাইমা রহমান। তার নেতৃত্বে স্কুলের আয়োজক দল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।
উল্লেখ্য, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে ব্রিটিশ শিক্ষাক্রমের পাশাপাশি ইসলামিক স্টাডিজ, কোরআন শিক্ষা ও হিফজুল কোরআনের পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার অনেক শিক্ষার্থী ইতিমধ্যে হিফজুল কোরআন সম্পন্ন করেছে। এ ছাড়া ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ‘কান্ট্রি হায়েস্ট’ ও ‘ওয়ার্ল্ড হায়েস্ট’ স্বীকৃতি পেয়েছে বলে জানানো হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





