বিইউ রেডিও প্রেজেন্টস ‘মাইন্ডস্পার্ক সিজন ২’ সফলভাবে সম্পন্ন
ববি প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একমাত্র অনলাইন রেডিও স্টেশন বিইউ রেডিওর আয়োজনে ‘মাইন্ডস্পার্ক সিজন ২, পাওয়ার্ড বাই অদিতি, ইন অ্যাসোসিয়েশন উইথ জিনিয়াস পার্ক’ ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম সিজনের সফল আয়োজনের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এই ইভেন্টের আয়োজন করে বিইউ রেডিও।
দুইটি পর্বে বিভক্ত ছিল এবারের ইভেন্টটি। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এর প্রথম পর্ব। এতে প্রতিযোগীরা ৫০ নম্বরের একটি বহুনির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেরা ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। পরবর্তী সময়ে গত ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। কয়েক ধাপে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করা হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির, বিইউ রেডিওর উপদেষ্টা ড. মো. খোরশেদ আলম, ড. সঞ্জয় কুমার সরকার, সুপ্রভাত হালদার, জ্যোতির্ময় বিশ্বাস, পরিবহন পুলের ম্যানেজার মো. উজ্জ্বল হোসেন, বিসিএস অদিতি ক্যারিয়ারের বরিশাল শাখার পরিচালক এনামুল আকন ও মো. তারেক হাসান এবং জিনিয়াস পার্কের ব্যবস্থাপনা পরিচালক রহমান এম.ডি. জোবায়ের।
এবারের ইভেন্টে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল জিনিয়াস পার্ক ওয়ান এডুকেশন সলিউশন, রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে ছিল ইস্পাহানি মির্জাপুর চা এবং সিনেমাটোগ্রাফি পার্টনার হিসেবে কাজ করেছে দৃশ্যায়ন। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দ্য ডেইলি ক্যাম্পাস, নয়া দিগন্ত, যায়যায়দিন ও আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যম।
ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগী নাঈম ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই ইভেন্টে অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। নতুন একটি অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের আরও আয়োজন চাই।”
বিইউ রেডিওর সাধারণ সম্পাদক মো. ইয়াদুল আমিন বলেন, “বিইউ রেডিও সব সময় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। মাইন্ডস্পার্ক সিজন ২ ছিল জ্ঞান, আনন্দ ও সৃজনশীলতার এক চমৎকার সম্মিলন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে প্রাণবন্ত করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নতুন চিন্তা ও প্রতিভা বিকাশে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রাখতে চাই।”
বিইউ রেডিওর সভাপতি মো. নাজমুল হোসাইন বলেন, “সকল প্রতিযোগী, সম্মানিত অতিথি ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করি, ভবিষ্যতে যারা বিইউ রেডিওর দায়িত্ব গ্রহণ করবে, তারাও এই ধারাবাহিকতা বজায় রাখবে।”
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





