মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আইন-শৃঙ্খলা

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে কারা, জানাল ডিএমপি

পরিকল্পিত নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ২:২৪ অপরাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে কারা, জানাল ডিএমপি
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে আকতার হোসেন বলেন, প্রতিটি ঘটনা পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন।

তিনি বলেন, ঘটনাগুলো পর্যালোচনা করে পুলিশের ধারণা, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে সমন্বয়ের মাধ্যমে পুলিশ মোতায়েন ও প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল পার্টি ও পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ককটেল তৈরির উপাদান কোথায় প্রস্তুত করা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত ও নজরদারি অব্যাহত রয়েছে।

গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দাহ্য পদার্থ সংগ্রহ এবং পেট্রোল পাম্প মালিকদের সতর্ক করার বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিভিন্ন পদার্থ নানা প্রয়োজনে ব্যবহার করা হয়। তবে নাশকতার উদ্দেশ্যে কোথাও এসব পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে কারা দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তা শনাক্তে ডিএমপির কার্যক্রম চলমান রয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz