মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
আইন-শৃঙ্খলা

তাহসিফের সঙ্গে থাকা দিশা এবার পুলিশের হেফাজতে

এর আগে একই ঘটনায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ণ · আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী দিশা। ছবি: সংগৃহীত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী দিশা। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী দিশাকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেফতার করা হয়।

এর আগে একই ঘটনায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

পুলিশ জানিয়েছে, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক কিছু প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার বিষয়ে তথ্য দেন দীপ।

তদন্তসংশ্লিষ্টদের তথ্যমতে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এর আগে দীপ দাবি করেছিলেন, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাদের বিচ্ছেদ হয়।

পরে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক বিক্রির স্থান হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা দীপ স্বীকার করেছেন। পরে পিবিআই কর্মকর্তারা তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করলে দীপকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। এর পরদিনই তাহসিফের সঙ্গে থাকা দিশাকে গ্রেফতার করল নৌ পুলিশ।