নিউ গিনি প্রপার্টিজে ফের হামলা-ভাঙচুর, চার নারীসহ গ্রেপ্তার ১৪
দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল প্রতিষ্ঠানে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজে আবারও হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জেরে সংঘটিত এ ঘটনায় চার নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও মারামারিতে জড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ সময় সেখান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন মারামারিতে গুরুতর আহত হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে একই নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল আবাসন প্রকল্পটিতে হামলা চালায়। হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ভাড়া নেওয়া স্টুডিও ‘ব্রাউনফিশেও’ ভাঙচুর ও লুটপাট করে।
ওই ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আগের হামলার ঘটনা ঘটেছিল।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





