জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন ইলজে আইগনার
জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন ৬১ বছর বয়সী আইগনার।
গত রোববার নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস।
আইগনার বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার এবং ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। দলটি বাভারিয়ায় সিডিইউর সহযোগী হিসেবে কাজ করে। আজ সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তাঁর মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এতে তাঁর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। এসপিডি আগেই প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে।
জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৩০ জানুয়ারি সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হবেন।
স্টাইনমায়ার ২০১৭ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন তিনি। ২০২৭ সালের মার্চে তাঁর দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর পূর্ণ হবে। দেশটিতে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।
জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি আইনে স্বাক্ষর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করেন প্রেসিডেন্ট।
চলতি বছরের শুরুতেই প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল সিএসইউ। তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের বিবেচনায় রাখায় সিডিইউ তাঁকে সমর্থন জানাতে দেরি করে। এ নিয়ে দল দুটির মধ্যে টানাপোড়েন তৈরি হয়।
আইগনার স্থানীয় রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। পরে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হন।
তথ্যসূত্র: আল–জাজিরা
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz




