মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
নারী

সমগতের জরিপ: ৬৩.৫ শতাংশের অনলাইন হয়রানির অভিজ্ঞতা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
সমগতের জরিপ: ৬৩.৫ শতাংশের অনলাইন হয়রানির অভিজ্ঞতা

ববি প্রতিনিধি

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) বরিশালে সমগত কতৃক আয়োজিত প্রেস কনফারেন্সে এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সমগত পরিচালিত প্রযুক্তি-সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) বিষয়ক এক জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপে অংশ নেওয়া ১১৫ জনের মধ্যে ৬৩ দশমিক ৫ শতাংশ অনলাইন হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

জরিপের তথ্যানুযায়ী, অনলাইন হয়রানির প্রভাব হিসেবে ৬০ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মানসিক চাপ এবং ২৯ দশমিক ৬ শতাংশ লজ্জাবোধের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে, অনলাইন হয়রানির ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ার কারণ হিসেবে ৬০ দশমিক ৬ শতাংশ ঝামেলা এড়ানোর কথা এবং ৩৯ দশমিক ৪ শতাংশ সংশ্লিষ্ট আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কথা জানিয়েছেন।

জরিপে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও উঠে এসেছে। এতে ৭৩ দশমিক ৯ শতাংশ অংশগ্রহণকারী ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ৫১ দশমিক ৩ শতাংশ আইনি সহায়তা এবং ৪৭ দশমিক ৮ শতাংশ সচেতনতামূলক কর্মসূচির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন সমগতের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগতের চিফ অ্যাডভাইজার জোহরা মমতাজ সাকি, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট অর্গানাইজেশনাল কনসালট্যান্ট ক্রিস মিলার, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর সামিয়া আলি অন্না, হ্যালো বরিশালের কো-ফাউন্ডার মো. সাইদুল ইসলাম রাব্বি, বিবিডিসির কো-অর্ডিনেটর জান্নাতুল মাওয়া অন্তরা এবং সমগতের প্রেসিডেন্ট নাজনিন সুলতানা।

আলোচনায় বক্তারা বলেন, নারী নির্যাতন কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়; এটি মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক বৈষম্যের অন্যতম প্রকাশ। তাই ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র থেকে শুরু করে অনলাইন পরিসর—সব ক্ষেত্রেই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; আইনের যথাযথ প্রয়োগ, ভুক্তভোগীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। পাশাপাশি অনলাইন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজ অভিযোগ জানানোর ব্যবস্থা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

উল্লেখ্য, সমগতের জরিপটি অনলাইনভিত্তিক স্বেচ্ছায় অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ১১৫ জনের অভিজ্ঞতা ও মতামত উঠে এসেছে। জরিপের ফলাফল অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার প্রতিফলন; এটি দেশের সামগ্রিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী পরিসংখ্যান নয়।

প্রতিবছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। এ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz