মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
প্রবাস

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ · আপডেট: ২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পর দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ও সৌদি আরব হয়ে চলাচলকারী মোট ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৭২১ জন যাত্রী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীসংখ্যা ২২ হাজার ৭২১ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৫টি রয়েছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর রাতে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ওই হামলায় বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামে দুই বাংলাদেশি নিহত হন।

এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হন।