মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
প্রবাস

প্যারিসে আন্তর্জাতিক বইমেলা, মিলন মেলায় উচ্ছ্বাসিত লেখক-পাঠকেরা

বাংলা ভাষা ও সাহিত্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন আয়োজক ও আলোচকেরা।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ · আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
প্যারিসে আন্তর্জাতিক বইমেলা, মিলন মেলায় উচ্ছ্বাসিত  লেখক-পাঠকেরা
লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও পাঠকদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক মিলনমেলায়। ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও পাঠকদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের মিলনমেলায়।

রোববার (১ নভেম্বর) প্যারিসের একটি হলরুমে আয়োজিত বইমেলায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে প্রায় ৩০ জন লেখক অংশ নেন। মেলায় ২৫টি স্টলে বিভিন্ন লেখকের বই প্রদর্শন করা হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এমদাদুল হক স্বপ্নের পরিচালনায় উদ্বোধনী পর্বে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বইমেলার উদ্বোধন করেন প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আসা লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক।

আটজনকে বিশেষ সম্মাননা

সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে আটজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন হাসানুজ্জামান রিপন, এনামুল হক, রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেল।

কবিতাপাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা

বইমেলার অন্যতম আকর্ষণ ছিল কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতার আসরে ফ্রান্সপ্রবাসী কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।

পরে রোমানা মনসুর ও আল আমিনের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জাকারিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ।

শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া বইমেলায় স্টল নিয়ে অংশগ্রহণকারীদের প্রত্যেককে আয়োজকদের পক্ষ থেকে প্রশংসাপত্র দেওয়া হয়।

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় গুরুত্ব

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য শুভ, ব্যবসায়ী সেলিম রেজা, শাজাহান শারু, মিজান সরকার, হাসনাত জামান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান ও আলী আক্কাসসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে সহায়তা করে।

আয়োজকেরা জানান, নতুন লেখক ও পাঠকদের উৎসাহিত করা এবং ইউরোপের বাংলা ভাষাভাষীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করাই বইমেলার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে প্যারিস টাইমসের প্রধান উপদেষ্টা, ব্যবসায়ী, লেখক ও সংগঠক কাজী এনায়েত উল্লাহ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।