দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে ফল জানতে পারবেন।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের আশা করা হচ্ছে।
আগের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। তবে ফল দেখার চূড়ান্ত পদ্ধতি সম্পর্কে রোববার (২২ নভেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





