জ্বালানি সংকট তীব্র হচ্ছে ইরানে, দুই দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) থেকে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এলাকাভেদে প্রতি দুই দিনে একবার প্রায় দুই ঘণ্টা অথবা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাহদাদ।
আল্লাহদাদ বলেন, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতির কারণে রোববার থেকে বিদ্যুৎ বিতরণে বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হবে বিদ্যুৎ খাত।
তিনি জানান, এলাকাভেদে প্রতি দুই দিনে অন্তত একবার প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। কোনো কোনো এলাকায় প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকতে পারে।
বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানির ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতেও একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইরান।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি। দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ এবং কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির পুরোনো বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থাও চাপে রয়েছে।
বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। তীব্র আবহাওয়া ও জ্বালানি সংকটের সময় পরিস্থিতি সামাল দিতে সরকারি কার্যালয় বন্ধ রাখা এবং বিভিন্ন সেবা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





