মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ · আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোর ও রাতে ঠান্ডা থাকলেও দিনের বেলায় তীব্র রোদে গরম অনুভূত হচ্ছে। সকাল-রাতের ঠান্ডা আর দিনের গরমে আবহাওয়ার এমন পরিবর্তনে ভোগান্তিতে পড়ছেন জেলার বাসিন্দারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা যাচ্ছে কুয়াশাও। সন্ধ্যার পর অনেকে গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে বের করছেন পুরোনো লেপ-কম্বল।

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সর্দি, কাশি, জ্বরসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এসব সমস্যায় চিকিৎসা নিচ্ছেন অনেকে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও পরে হাসপাতালে নিয়ে এসেছেন।

আরেক ব্যক্তি হাবিব হাসান বলেন, দিনের বেলায় রোদে গরম লাগে, কিন্তু সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন তিনি। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।

চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz