মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, সন্দেহভাজন ১০ জন আটক
মানিকগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, মানিকগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন প্রাঙ্গণ, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে এসব বিস্ফোরণ ঘটানো হয়।
একই সময়ে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইর উপজেলার বিভিন্ন প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর মধ্যে রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের অদূরে পার্কিং করে রাখা ‘স্বাধীনতা এক্সপ্রেস’-এর একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে অভিযান শুরু করে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ৬ জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জন, সিংগাইর থানা পুলিশ ১ জন এবং দৌলতপুর থানা পুলিশ ১ জনকে আটক করে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, জনমনে ভয়ভীতি সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে আটক ১০ জনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতাকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াও চলছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
১৫ ঘণ্টা আগে💬 মন্তব্য
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





