মূল অংশে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আশ্রয়ে থাকছিলেন যুবলীগ নেতা, আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
বিএনপি নেতার শ্বশুরবাড়িতে আশ্রয়ে থাকছিলেন যুবলীগ নেতা, আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার শ্বশুরবাড়িতে ভাড়া থাকছিলেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা। স্থানীয়দের সন্দেহের পর তাঁর পরিচয় জানাজানি হলে বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বাড়িটি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের।

আটক ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান বেশ কিছুদিন ধরে আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকছিলেন। সম্প্রতি ওই বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁর পরিচয় ও মামলার বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করেন তাঁরা।

এ সময় উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুঠিয়া থানা পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়। সেখান থেকে তাঁকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা বলেন, বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াত লক্ষ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে সেখানে নাটোরের যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামি হাবিবুর রহমানের অবস্থানের বিষয়টি জানতে পেরে তাঁকে আটক করেন তাঁরা।

হাবিবুর রহমানকে আশ্রয় দেওয়ার বিষয়টি তদন্ত করে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মাসুদ রানা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হাবিবুর রহমান ওই বাড়িতে অবস্থান করলেও বাড়ির মালিকের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি বাড়িটিতে তল্লাশিও চালানো হয়নি।

তবে এ বিষয়ে বাড়ির মালিকের বক্তব্য পাওয়া যায়নি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা থাকায় তাঁকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশ্রয়দাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে নাটোর সদর থানার ওসি বলতে পারবেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz