২১ জেলায় সহিংসতা, প্রাণহানি ও অগ্নিসংযোগ; নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দেশের ২১ জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকটি স্থানে থানায় হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। বিশেষ করে গোপালগঞ্জে একাধিক থানায় আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির দুই নেতা নিহত হন। তারা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা। এ ছাড়া পিরোজপুর ও ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ডয়চে ভেলেকে বলেন, সরকার নির্লিপ্ত নয়, পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা এবং আন্দোলনকারীদের বিষয়টি বিবেচনায় রেখে সহিষ্ণুতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকারের মতো রক্তের হোলি খেলি না। সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ।’
অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, জনগণই তাদের আন্দোলনের শক্তি। তৃণমূলের নেতাকর্মী ও একাত্তরের চেতনায় বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন বলে দাবি করেন তিনি। আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তির মদদ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ওপর ভর করেই তারা আন্দোলন করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশি কার্যক্রমে বিঘ্ন ঘটায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রাতিষ্ঠানিক সংকট তৈরি হয়েছিল। পুলিশকে পুনর্গঠন করে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে হয়েছে। সেই সংকটের প্রভাব ও চ্যালেঞ্জ এখনো মোকাবিলা করতে হচ্ছে।
তিনি জানান, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে জটিল করলেও গোয়েন্দা নজরদারি, টহল বৃদ্ধি এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, গত ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় এবং ২৩টি শাখায় পেট্রোলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক নোটে এসব তথ্য উঠে এসেছে।
এ ছাড়া বুধবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে দুর্বৃত্তরা আগুন দেয়। পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চলমান পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে দেশে সরকারের উপস্থিতি দৃশ্যমান হচ্ছে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স বলেন, শুধু গোপালগঞ্জের পরিস্থিতি দিয়ে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২১ জেলায় সহিংসতার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র: ডয়চে ভেলে
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





