আইসিজের রায়ের পরও রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলছে মিয়ানমার
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রতিক্রিয়ায় তাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করেছে মিয়ানমার। একই সঙ্গে পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই করে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। এতে উত্তর রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য চলমান মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলেছে নেপিদো।
বিবৃতিতে মিয়ানমার জানায়, দেশটির জনগণের সর্বোত্তম স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রেখেই সহায়তা এবং পুনর্বাসনসংক্রান্ত পদক্ষেপ নেওয়া হবে। অভ্যন্তরীণ আইন, আন্তর্জাতিক রীতিনীতি, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি ও চলমান আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচির আলোকে উত্তর রাখাইনে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আইসিজের রায়ে হতাশা প্রকাশ করে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করেছে, লিখিত ও মৌখিক শুনানিতে আদালতের সামনে তথ্য-উপাত্ত ও নথিপত্রসহ বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেছে তারা। দেশটির ভাষ্য, এতে দেখানো হয়েছে যে গাম্বিয়ার অভিযোগ এবং উত্থাপিত প্রতিবেদনগুলো প্রকৃত পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও ভুল।
রোহিঙ্গাদের ‘বাঙালি’ সম্বোধন করে বিবৃতিতে আরও বলা হয়, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান গণহত্যার উদ্দেশ্যে চালানো হয়নি। মিয়ানমারের দাবি, এসব অভিযান ছিল সীমিত পরিসরের ও স্বল্পস্থায়ী এবং মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল। ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)-এর ব্যাপক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে দেশটি।
বিবৃতিতে আরসার বিরুদ্ধে হুমকি, হামলা, ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বলা হয়, এসব কর্মকাণ্ডের কারণে গ্রাম ও শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এর ফলে স্থানীয় বাসিন্দা ও বাঙালিরা বাস্তুচ্যুত হতে বাধ্য হন।
উত্তর রাখাইন রাজ্যের পরিস্থিতিকে অত্যন্ত জটিল উল্লেখ করে মিয়ানমার বলেছে, এটি মূলত দেশটির অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে বিবেচনা করা এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানিয়ে পরিস্থিতি সহজ করতে গঠনমূলক ভূমিকা রাখা।
বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি অনুকূলে এলে পরিচয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রত্যাবাসন শুরু করা হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





