জুলাই হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে ‘ট্রিপল মার্ডার’ আসামি মোতাহার
তদন্ত কর্মকর্তার সাত দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর মৌচাক-মালিবাগে আলোচিত ‘ট্রিপল মার্ডার’ মামলার আসামি মোতাহার হোসেনকে জুলাই আন্দোলনে মো. জসিম হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ড আবেদনে তাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন হিসেবে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে একই মামলায় চার দিনের পুলিশ রিমান্ড শেষে মোতাহার হোসেনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আরশাদুজ্জামানসহ কয়েকজন তার জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদের আগে ও পরে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের হাজতখানায় বিধি অনুযায়ী রাখা হয়। ডিবি কার্যালয়ের টিএফআই সেলের সহায়তায় হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে মামলার ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মোতাহার হোসেন মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক তথ্য গোপন করেছেন বলে তদন্ত কর্মকর্তার দাবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তার দাবি, মোতাহার হোসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন এবং ৫ আগস্টের ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন।
মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার, তাদের নাম-ঠিকানা সংগ্রহ, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মোতাহারের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। এসব কারণ দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদদীন সড়কের ঢাকা ব্যাংকের সামনে মো. জসিম গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জসিমের স্ত্রী মোছা. ফরিদা ২০২৪ সালের ১১ ডিসেম্বর মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। এজাহারে মোতাহার হোসেনকে ১৯৬ নম্বর আসামি করা হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





