মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আইন-আদালত

তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ফ্যাশন ডিজাইনার।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
তানজিন তিশা

শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে গত ২৮ অক্টোবর বাদীর পক্ষ থেকে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি নোটিশের কোনো জবাব দেননি এবং ফেসবুক থেকেও ছবিগুলো সরাননি। এ কারণে রোববার মানহানির মামলা করা হয়েছে।

আইনজীবী আরও জানান, আদালত বাদীর আবেদন গ্রহণ করে তার জবানবন্দি রেকর্ড করেছেন। পাশাপাশি মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা বর্তমানে চলমান রয়েছে। এসব মামলা করার পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া বাদীর বিষয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর তানজিন তিশা তার ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীর মেসেঞ্জারে কল করে তাকে ভাইরাল করার হুমকি দেন। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’

মামলার আবেদনে দাবি করা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীর একটি আপত্তিকর ছবি প্রকাশ করেন এবং বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে তার সম্মানহানি করেন। একই সঙ্গে দুজন নাবালক শিশুর ছবিও প্রকাশ করা হয় বলে অভিযোগ আনা হয়েছে।

বাদীর দাবি, ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়গুলো তার নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে তা পাওয়ার দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হয়েছিল। তবে সেগুলো সরানো হয়নি বলে মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz