২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে ডাকা হয়েছে আদালতে
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলায় সাক্ষী হিসেবে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে তলব করেছেন দিল্লির আদালত।
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলায় নতুন করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আগামী ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তৃতীয় অভিযোগপত্রে সাক্ষী হিসেবে নাম থাকায় আদালতে উপস্থিত থাকতে হবে অভিনেত্রীকে।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এ মামলায় অভিযুক্তের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন নোরা। তবে এবার তাকে সরকারি সাক্ষী হিসেবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন তিনি। পাশাপাশি দামি প্রসাধনসামগ্রী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ ও বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন উপহার দেওয়ার কথাও দাবি করেছেন এই অভিযুক্ত। এমনকি নোরার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু অংশও একসময় প্রকাশ্যে এনেছিলেন সুকেশ।
নোরা ও সুকেশকে ঘিরে যেসব অভিযোগ
সুকেশের দাবি, জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে তার সম্পর্ক ভাঙতে নোরা বিভিন্নভাবে উসকানি দিতেন। জ্যাকলিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে ঈর্ষান্বিত হয়ে নোরা তাকে নিয়মিত ফোন করতেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া বিলাসবহুল জীবনযাপনের জন্য নোরা বিপুল অর্থ দাবি করেছিলেন বলেও অভিযোগ তোলেন সুকেশ। তবে এসব অভিযোগের সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি।
গত আগস্টে সুকেশের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই চিঠিতেও নোরাকে ঘিরে বিভিন্ন অভিযোগের উল্লেখ করেছিলেন তিনি।
জ্যাকলিনও আইনি জটিলতায়
একই মামলায় নাম জড়িয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মধ্যে রয়েছেন আরেক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তাকেও একাধিকবার আদালতে হাজির হতে হয়েছে। পাশাপাশি তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি।
অন্যদিকে, সুকেশের সঙ্গে নাম জড়িয়ে পেশাগত জীবনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার কথা আগেই জানিয়েছিলেন নোরা। গত আগস্টে দেওয়া এক বক্তব্যে অভিনেত্রী দাবি করেন, এ মামলার কারণে একাধিক বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানের কাজ হারিয়েছেন তিনি।
পরপর কাজ হাতছাড়া হওয়ায় কঠিন সময় পার করতে হয়েছে বলেও জানান নোরা। প্রায় দুই বছর ধরে এই পরিস্থিতির প্রভাব বয়ে বেড়াতে হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী।




