এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, অপেক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থী
শিক্ষামন্ত্রী এ এন এম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবার পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
চলতি বছরের ২ জুলাই দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।
গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
এবারের পরীক্ষায় পাসের হার কেমন হতে পারে, সে বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জানান, ফল প্রকাশের আগে এ বিষয়ে সুনির্দিষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়।
যেভাবে ফল জানা যাবে
প্রতিবারের মতো এবারও তিনটি মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি ফল সংগ্রহের পাশাপাশি অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
অনলাইনে ফলাফল জানতে "https://eduboardresults.gov.bd" অথবা "https://educationboardresults.gov.bd" ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের "HSC Dha 123456 2026" লিখে পাঠাতে হবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন
প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ জন্য "https://rescrutiny.eduboardresults.gov.bd" ওয়েবসাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।
পরীক্ষার্থীরা এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। বিকাশ, নগদ, ডিবিবিএল, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।
অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সুযোগ
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। সেখান থেকেই পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম ও প্রক্রিয়া জানতে পারবেন।






