মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, যান চলাচল স্বাভাবিক

মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিভিন্ন অভিযানে ২৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ণ · আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, যান চলাচল স্বাভাবিক
ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে রোববার শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে আলোচনা চলছে এবং শ্রমিকদের সঙ্গেও পুলিশ কথা বলেছে। বোর্ড গঠনের খবর জানার পর আন্দোলন বন্ধ হওয়ার কথা ছিল। সোমবার শ্রমিকদের কাউকে আন্দোলনে আসতে দেখা যায়নি বলে জানান তিনি।

বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের মোতায়েন

মহিদুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি টহল দলও দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

কিছু পোশাক কারখানায় ছুটি

আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা জানান, আশপাশের কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে তাঁর দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি।

ভাঙচুরের ঘটনায় ২৯ জন গ্রেপ্তার

গত দিনের ভাঙচুর ও গ্রেপ্তারের বিষয়ে মহিদুল ইসলাম বলেন, মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইন অমান্য করে সড়ক অবরোধ, গাড়ি বা কারখানায় ভাঙচুর এবং জনগণের জানমাল কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে তাঁদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।