গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ-ভাঙচুর
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ছয়টি ককটেল বিস্ফোরণ এবং ১০টি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য চলাকালে তাঁদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের ছাত্রলীগ নেতা মোরসালিন ও চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
এর জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ-সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছয়টি ককটেল বিস্ফোরিত হলে চরমানিকদাহ গ্রামের জাহিদুর রহমান (১৯) ও সাহাবুল মোল্লা (৪০) এবং ঘোষেরচর গ্রামের জাহিদুল মোল্লা (৩৭) আহত হন।
এ ছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে আরও সাতজন আহত হয়েছেন। তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে এলাকার ১০টি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ফারিহা পুষ্পালয়ের মালিক হাবিবুর রহমান জানান, বিক্ষোভ মিছিল শেষে নেতা-কর্মীরা লঞ্চঘাট এলাকায় সমবেত হলে তাঁরা দোকান বন্ধ করে দেন। কিছুক্ষণ পরই তাঁদের দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। মুহূর্তের মধ্যে দোকানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ করেন তিনি।
হাবিবুর রহমান আরও অভিযোগ করেন, পৌরসভার ঘর ভাড়া নিয়ে সেখানে মূলত চরমানিকদাহ গ্রামের লোকজন ফুলের ব্যবসা করেন। ওই গ্রামের লোকজনকে সেখানে ব্যবসা করতে না দেওয়ার মনোভাব থেকেই ঘোষেরচরের লোকজন হামলা চালিয়েছেন বলে তাঁর দাবি।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পুলিশ পেয়েছে। তবে পরবর্তী সময়ে দুই পক্ষ নিজেরাই বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





