হবিগঞ্জে স্ত্রীর পাথরের আঘাতের তিনদিন পর প্রাণ গেল স্বামীর
হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার তিন দিন পর সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী মমতা বেগমকে (২৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি স্বামীকে হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
এর জেরে গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঘুমন্ত স্বামীর ওপর পাথরের শিল দিয়ে হামলা করেন মমতা বেগম। এতে মামুন গুরুতর আহত হয়ে চিৎকার শুরু করলে তিনি পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) তাকে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে তিনি অতিষ্ঠ ছিলেন। এমনকি তাদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





