নির্দোষ মানুষ আর কত যুদ্ধের বোঝা বহিবে?
‘আমরা যদি যুদ্ধ শেষ না করি, যুদ্ধই আমাদের শেষ করে দেবে’—ইংরেজ লেখক এইচ জি ওয়েলসের এই সতর্কবাণী আজকের যুদ্ধবিক্ষুব্ধ বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কথা বলতে হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাত চার বছরেও থামানো যায়নি। বরং হামলা, পাল্টা হামলা ও অস্ত্রের প্রতিযোগিতায় এটি ক্রমেই দীর্ঘস্থায়ী ও ভয়াবহ রূপ নিচ্ছে। এ যুদ্ধে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বাড়ছে সামরিক হতাহতের সংখ্যাও।
অন্যদিকে, গাজার পরিস্থিতি আরও মর্মান্তিক। বিভিন্ন হিসাব অনুযায়ী, মৃত্যুপুরী গাজায় ৭৫ হাজার মানুষ নিহত এবং প্রায় ২ লাখ মানুষ আহত হয়েছেন। দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কবে শেষ হবে এই যুদ্ধবিগ্রহ? ইউক্রেন যুদ্ধের মধ্যেই গাজায় ইসরায়েল-হামাস সংঘাত, অন্যদিকে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধ পরিস্থিতি—এসব সংঘাতের প্রভাবে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত হলেও বিশ্বনেতাদের তৎপরতা কোথায়?
সমস্যা হলো, যুদ্ধ কেবল প্রাণহানিতেই সীমাবদ্ধ থাকে না। এর অর্থনৈতিক প্রভাবও সুদূরপ্রসারী। ‘পৃথিবীর শস্যভান্ডার’ হিসেবে পরিচিত ইউক্রেনের অবকাঠামো, বিদ্যুৎব্যবস্থা, শিল্প ও কৃষি উৎপাদন ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম জ্বালানি সরবরাহ বিপর্যয়। এর ফলে আগামী দিনগুলোতে বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় এবং পণ্য উৎপাদন ও সরবরাহে অস্থিরতা আরও বাড়বে। পরিতাপের বিষয়, এই চাপ শেষ পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
যুদ্ধবিগ্রহ মানবসভ্যতার নতুন অভিজ্ঞতা নয়। তবে আধুনিক যুদ্ধের ব্যাপ্তি, ধ্বংসক্ষমতা ও অর্থনৈতিক প্রভাব অতীতের তুলনায় অনেক বেশি ভয়াবহ। যুদ্ধ দীর্ঘায়িত হলে একদিকে অস্ত্রের বাজার সম্প্রসারিত হয়, অন্যদিকে ঘনীভূত হয় খাদ্য, জ্বালানি ও চিকিৎসাসংকট। কৃষিজমি অনাবাদি হয়, অবকাঠামো ধ্বংস হয় এবং বাস্তুচ্যুত হন নিরীহ মানুষ। এমন পরিস্থিতিতে দরিদ্র দেশগুলোর মানুষের পক্ষে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
অর্থাৎ, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’—বাংলার এই প্রবাদটি যুদ্ধের বৈশ্বিক বাস্তবতায় যেন নতুন অর্থ ধারণ করেছে, যা আজকের দিনে আরও স্পষ্ট। পরাশক্তিগুলোর মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত, আধিপত্য বিস্তার ও ভূরাজনৈতিক হিসাবনিকাশের মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। যারা যুদ্ধ শুরু করেনি, যুদ্ধে যাদের কোনো দায় নেই, তারাই আজ খাদ্যসংকট, মূল্যস্ফীতি, উদ্বাস্তু জীবন ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবও দরিদ্র জনগোষ্ঠীকে বিপর্যস্ত করছে। সবকিছু মিলিয়ে মানুষের নিরাপদ আশ্রয় যে ক্রমেই সংকুচিত হয়ে আসছে, তা বলার অপেক্ষা রাখে না।
বিশ্বনেতাদের বুঝতে হবে, যুদ্ধের মানচিত্রে বিজয়ী পক্ষ থাকলেও মানবতার বিচারে পরাজিত হয় সবাই। আর সেই পরাজয়ের সবচেয়ে বড় মূল্য দিতে হয় নিরপরাধ মানুষকে। বিশ্বনেতাদের কাছে এর কী ব্যাখ্যা রয়েছে?
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





