নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ
দেশের ৬৩ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপে উঠে এসেছে, দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ মৌলিক পানির সুবিধা পেলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ।
জরিপ অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই জীবাণু শনাক্ত হয়েছে। ২০১৯ সালে এ হার ছিল ৮১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে পানির উৎসে ই-কোলাই শনাক্ত হওয়ার হার বেড়ে ৪৭ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালে ছিল ৪০ দশমিক ৩ শতাংশ।
পানিতে আর্সেনিকের উপস্থিতিও উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার বেশি আর্সেনিকযুক্ত পানির উৎস ব্যবহার করছেন দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী এ হার ৯ দশমিক ১ শতাংশ। আগের তুলনায় আর্সেনিকের ঝুঁকি কমলেও এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এ ঝুঁকিতে রয়েছেন।
জরিপে দেখা গেছে, দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ এমন পানির উৎস ব্যবহার করেন, যেখানে লবণাক্ততার মাত্রা নির্ধারিত সীমার বেশি।
নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি নিশ্চিত করতে পানির উৎস বাড়ির ভেতরে বা প্রাঙ্গণে থাকা, প্রয়োজনের সময় পানি পাওয়া এবং পানিতে ক্ষতিকর জীবাণু ও অতিরিক্ত আর্সেনিক না থাকার শর্ত পূরণ করতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এসব শর্ত পূরণ করে পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। বাংলাদেশের জাতীয় মানদণ্ড বিবেচনায় এ হার ৩৯ দশমিক ৪ শতাংশ।
জরিপে পানির গুণমান পরীক্ষার জন্য ৬ হাজার ২৯৮টি পরিবার নির্বাচন করা হয়। এর মধ্যে ৬ হাজার ১০৬টি পরিবারের পানির পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। দেশের অনেক মানুষ নিজেদের ব্যবহৃত পানিতে আর্সেনিক আছে কি না, সে বিষয়ে সচেতন নন। ফলে দীর্ঘদিন ধরে এ সমস্যা রয়ে গেছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
৪৮ মিনিট আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





