ইসরাইলিদের বিপক্ষে ম্যাচ, ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির তুর্কিরা, বাগড়া পুলিশের
তুরস্কের ক্লাব বেসিকতাস ও ইসরাইলের হাপোয়েল বের শেভার মধ্যকার উয়েফা ইউরোপা লিগের ম্যাচে গ্যালারিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত ম্যাচটি ২৬ মিনিটে বন্ধ করে দেন রেফারি। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় বেসিকতাস।
ম্যাচটি তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে ভেন্যু সরিয়ে জর্জিয়ার বাতুমি স্টেডিয়ামে নেওয়া হয়। তুরস্কের কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইস্তাম্বুলে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে উয়েফাকে জানিয়েছিল।
ম্যাচের ২৬ মিনিটে বেসিকতাস সমর্থকদের গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জর্জিয়ার পুলিশ সেখানে প্রবেশ করে। ফিলিস্তিনের পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়। তবে উয়েফার বক্তব্য, সমর্থকদের নিজেদের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতির অবনতি ঘটে।
তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির বরাতে জানা গেছে, পুলিশ সমর্থকদের ওপর পেপার স্প্রে ব্যবহার করেছে। সংঘর্ষের সময় একজন সমর্থককে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে।
ম্যাচ বন্ধ থাকাকালে বেসিকতাসের খেলোয়াড় ও ক্লাবের ফুটবল পরিচালক ওন্দার ওজেন সমর্থকদের কাছে যান। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে রেফারি, খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা মাঠে ফিরে এলে প্রায় ৩০ মিনিট পর খেলা শুরু হয়।
ঘটনার পর বেসিকতাস নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের’ অভিযোগ তোলে। ক্লাবটি জানায়, কিছু সমর্থককে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টি উয়েফার ম্যাচ ডেলিগেট ও বাতুমিতে তুরস্কের কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। চিফতচির ভাষ্য অনুযায়ী, জর্জিয়ার মন্ত্রী তাকে জানিয়েছেন, ফিলিস্তিনের পতাকাগুলো উয়েফার কর্মকর্তারা জব্দ করেছেন, জর্জিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ নয়।
তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন বাক এবং তুর্কি ফুটবল ফেডারেশন পুলিশের হস্তক্ষেপের সমালোচনা করেছে। গালাতাসারাই, ফেনারবাহচে ও ট্রাবজোনস্পরসহ দেশটির কয়েকটি বড় ক্লাবও বেসিকতাসের সমর্থকদের পাশে দাঁড়িয়েছে।
ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের করমর্দন না করার ঘটনাও আলোচনায় আসে। তুরস্কের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে উয়েফা।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





