পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
উত্তরের হিমালয়কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে জনজীবনে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনে প্রখর রোদ ও গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় ব্যবধানের কারণে ভোররাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
জেলার সদর, আটোয়ারী ও বোদা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হালকা কুয়াশা ভেদ করে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।
বোদা উপজেলার স্থানীয় ব্যবসায়ী শহিদুল হক বলেন, ‘দিনের বেলা রোদের তাপে বেশ গরম লাগে। তখন বোঝাই যায় না যে শীত পড়েছে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে। বিশেষ করে ফজরের সময় বাড়ি থেকে বের হলে বেশ শীত লাগে।’
অন্যদিকে, আটোয়ারী উপজেলার ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, ‘ভোরে কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখা যায় না। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় হাত-পা ঠান্ডা হয়ে আসে। তাই সকালের দিকে রিকশা-ভ্যান চালাতে একটু কষ্ট হচ্ছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।’
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
চারঘাটে রস ছাড়াই তৈরি শত শত মণ ‘খাঁটি গুড়’!
১ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





