দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে একটি স্বৈরাচারী শাসনের অবসান হলেও দেশে নতুন স্বৈরাচারের উত্থান ঘটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার ও নতুন স্বৈরাচার উভয় শক্তিকেই পরাজিত করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, চার দফা দাবি নিয়ে তাঁরা শাহবাগে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর আগে এক সপ্তাহ ধরে দলের নেতারা ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের সমস্যার কথা শুনেছেন। মানুষের বাসাবাড়িতে গ্যাসের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও রাহাজানির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটলেও বর্তমানে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ওপর বর্তায় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পরিবর্তে সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত রয়েছেন। জুলাই সনদ ও গণভোটের প্রতিশ্রুতি উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে অভিযোগ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, একতরফাভাবে গঠিত সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তাঁর দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠন জুলাই সনদ ও গণভোটের অন্যতম প্রতিশ্রুতি ছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নির্বাচনী ইশতেহার, ৩১ দফা ও জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। তাঁর ভাষ্য, সরকারের দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা নেই; বরং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিস্তার ঘটছে।
আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের পতিত শাসকের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সেই পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না। এ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের শক্তি ও তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি সীমান্ত হত্যা, পাহাড়ে অস্থিরতা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নিপীড়নের অভিযোগ তোলেন। তাঁর দাবি, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে এবং বর্তমান সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ।
ভারতের সঙ্গে সম্ভাব্য করিডর ও গঙ্গা চুক্তির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো করিডর জনগণ মেনে নেবে না। গঙ্গা চুক্তি ন্যায্য ভিত্তিতে নবায়ন না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, দেশের চলমান নৈরাজ্য, খুন ও গুমের ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে। দাবি আদায়ে সারা দেশে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়ে তিনি বলেন, মিছিলের মাধ্যমে সরকারের কাছে দাবি তুলে ধরা হবে।
ঢাকা মহানগরবাসীর উদ্দেশে বক্তব্যে নাহিদ ইসলাম জানান, এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁদের নেতৃত্বে নগরবাসীর অধিকার ও দাবি আদায়ে দলীয় নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম দাবি করেন, অতীতে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করা হয়েছিল এবং আসিফ মাহমুদকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





