মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
রাজনীতি

এমপি আজিজের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত হাইকমান্ডের ওপর ছেড়ে দিল জেলা বিএনপি

শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ · আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। ফাইল ছবি
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। ফাইল ছবি

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ ও সাম্প্রতিক বিতর্কিত ঘটনাগুলোর পর তার দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত হাইকমান্ডের ওপর ছেড়ে দিয়েছে নাটোর জেলা বিএনপি। গঠনতান্ত্রিক ক্ষমতার সীমাবদ্ধতার কথা জানিয়ে শুক্রবারের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা কমিটি।

শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। জেলা বিএনপির নেতারা জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা আহ্বায়ক কমিটির কোনো যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই। ফলে তার দলীয় পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় আব্দুল আজিজের বড় ছেলে নূরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরদিন, ২৮ অক্টোবর, সংসদ সদস্য আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। নৈতিক স্খলনের অভিযোগ তুলে তার সংসদ সদস্য ও দলীয় পদ থেকে পদত্যাগের দাবিও ওঠে।

এসব ঘটনায় করণীয় নির্ধারণে শুক্রবার সকাল ১০টায় নাটোর জেলা পরিষদ হলরুমে জরুরি বিশেষ সভা ডাকে জেলা বিএনপি। জেলা আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সভাটি প্রায় আট ঘণ্টা চলে।

সভায় শাকিল ইসলাম হত্যা মামলায় রিমান্ডে থাকা মিন্টুর সংশ্লিষ্টতার অভিযোগ এবং আব্দুল আজিজের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা হয়। পরে দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে জেলা কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, “আমরা সবগুলো ঘটনা নিয়ে আলোচনা করেছি। আমাদের কাছে আব্দুল আজিজের পরিচয় তিনি জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া তিনি একজন সংসদ সদস্যও। তাই গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটির ক্ষমতা নেই কোনো যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সর্বসম্মতিক্রমে এ বিষয়ে যেকোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত দলের হাইকমান্ডের ওপর ন্যস্ত করেছে কমিটি।”

এদিকে শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নূরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড শেষে আরও সাত দিনের রিমান্ড চেয়েছে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসানের আদালতে এ আবেদন করা হয়। শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তদন্তে আরও অগ্রগতির জন্য নূরুজ্জামান মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে বিধি অনুযায়ী আদালতের কাছে আরও সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।