দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান, শনাক্ত ৬ ছাত্রী
চুয়াডাঙ্গায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছয় ছাত্রীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিভাবকসহ ডেকে তাদের বক্তব্যও নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে একটি বসতবাড়ির দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্তের পর অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে মৌখিক ও লিখিত বক্তব্য নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে শিক্ষার্থীদের বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করীম। এ ছাড়া অষ্টম শ্রেণির আরও এক শিক্ষার্থীর নাম উঠে আসায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রধান শিক্ষক জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেয়ালে স্লোগান লেখার ঘটনায় ছয়জনকে শনাক্ত করা হয়। পরে তাদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে ঘটনার বিষয়ে বক্তব্য নেওয়া হয়। শিক্ষার্থীরা কেন এ কাজ করেছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্ররোচনা ছিল কি না, তা জানার চেষ্টা করা হয়েছে।
শেখ রেজাউল করীম বলেন, শিক্ষার্থীরা জানিয়েছে, কারও প্ররোচনা বা ইন্ধনে নয়, মজার ছলেই তারা দেয়ালে স্লোগান লিখেছে। এ ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে। তবে তাদের বক্তব্যের সঙ্গে ঘটনার কিছু অসংগতি পাওয়া গেছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কালো রঙের স্প্রে ব্যবহারের কথা বললেও সিসিটিভি ফুটেজ ও দেয়ালে সাদা রঙের লেখাও দেখা গেছে। এ বিষয়ে তারা কোনো ব্যাখ্যা দিতে পারেনি। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের স্বাক্ষরও নেওয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছয় ছাত্রী অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর নাম উল্লেখ করে। তাদের দাবি, ওই শিক্ষার্থীই দেয়ালে স্লোগান লিখতে বলেছিল। তবে তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চারটি শাখার মধ্যে সে কোন শাখার শিক্ষার্থী, তা যাচাই করছে কর্তৃপক্ষ। পরিচয় নিশ্চিত হলে তাকেও অভিভাবকসহ ডেকে বক্তব্য নেওয়া হবে।
প্রধান শিক্ষক জানান, সংশ্লিষ্ট সবার বক্তব্য ও লিখিত কাগজপত্র একত্র করে বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় জেলা প্রশাসনের সহযোগিতা পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান বলেন, বিদ্যালয়ে গিয়ে ছয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাদের বক্তব্য নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক এ বিষয়ে প্রতিবেদন তৈরি করছেন। প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) দিনের বেলায় কয়েকজন ছাত্রী চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে শেখপাড়ার একটি গলিতে গিয়ে বসতবাড়ির দেয়ালে বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখে বলে অভিযোগ ওঠে। দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় হাসিনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বরে’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়াল থেকে স্লোগানগুলো মুছে ফেলে এবং জড়িতদের শনাক্তে উদ্যোগ নেয়।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





