আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে: মীর শাহে আলম
আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বৃক্ষের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। সহিংসতার মাধ্যমে তারা নিজেরাই সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে, তবে এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। দেশের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা চায় না।
গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকের বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি।
এ সময় তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মীর শাহে আলম জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আসবেন। ওইদিন মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরে মোকামতলা থেকে দিনাজপুরের হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ফলক উন্মোচন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিনে পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও মগ তুলে দেওয়া হয়। আগামী রোববার (২২ নভেম্বর) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার চারা ও মগ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





