মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও তার দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি ভূরাজনৈতিক পর্যায়ে চলে গেছে। আওয়ামী লীগকে ৫ আগস্টই পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এ আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

জবাবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার নিয়ে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

জাতীয় ঐক্যের জন্য তিন শর্ত

জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যপ্রক্রিয়ায় সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে। বৈঠকে এনসিপির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশও তুলে ধরা হয়েছে।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে—একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করা।

এ ছাড়া জুলাইয়ের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের দাবি জানিয়েছে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তিতে কোনো ধরনের আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

ভারতের অপপ্রচারের অভিযোগ

সীমান্তের ওপারে বিজেপির বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারতের ভুল তথ্য প্রচারের অভিযোগ তুলে সমালোচনা করেন নাহিদ ইসলাম।

তিনি দাবি করেন, ভারতে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপরই সবচেয়ে বেশি নির্যাতন চলছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, সুফি ও সামাজিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে শক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

সবশেষে দলীয় পররাষ্ট্রনীতির পরিবর্তে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়নের দাবি জানান এনসিপির আহ্বায়ক। পাশাপাশি শুধু ডিসেম্বরকেন্দ্রিক না হয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz