মূল অংশে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

অভাবের সংসারেও লোভ করেননি চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ · আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
অভাবের সংসারেও লোভ করেননি চানাচুর বিক্রেতা, ফিরিয়ে দিলেন ৩ ভরি স্বর্ণ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

অভাবের সংসার। বসবাস করেন ভাঙাচোরা ভাড়া ঘরে। তবু অন্যের সম্পদের প্রতি লোভ করেননি সুনামগঞ্জ পৌর শহরের চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ চার ঘণ্টার চেষ্টায় প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন আমির উদ্দিন। তাঁর সততায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতাস্বরূপ আমিরকে পাঁচ হাজার টাকা উপহার দেন সজল।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রির সময় চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির। ব্যাগটি খুলে ভেতরে প্রায় তিন ভরি স্বর্ণালংকার দেখতে পান তিনি। এরপর প্রকৃত মালিকের সন্ধানে নামেন।

স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার জানান, রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে স্বর্ণকারের দোকানে যান। ফেরার পথে বাসার সামনে রিকশা থেকে নামার পর তিনি বুঝতে পারেন, হাতে থাকা ব্যাগটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে দুই বন্ধুকে নিয়ে সদর থানায় বিষয়টি জানান।

এদিকে সজলের দুই বন্ধু অন্য একটি রিকশায় বাড়ি ফেরার পথে চালক আবু সাইদের সঙ্গে স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে কথা বলেন। তাঁদের কথা শুনে আবু সাইদ জানান, এক চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং মালিককে খুঁজছেন। পরে আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে ব্যাগটির সন্ধান পান তাঁরা।

আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকায় একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে বসবাস করেন। নিজের কোনো বাড়িঘর নেই। ব্যাগটি পাওয়ার পরের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। দোকানে তিনবার চুরি হয়েছে বলে সেখানে রাখা নিরাপদ মনে করিনি। পরে ছেলেকে দিয়ে সাবধানে রাখার জন্য ঘরে পাঠাই।’

স্বর্ণালংকারগুলো রেখে না দেওয়ার কারণ জানতে চাইলে আমির বলেন, ‘ছোটবেলা থেকে কষ্ট করে চলি। পরের জিনিসে লোভ নেই।’

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, স্বর্ণালংকার হারানোর অভিযোগ পাওয়ার পর পুলিশও সেগুলো উদ্ধারে কাজ করছিল। পরে আমির উদ্দিনের সততার কারণে ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz