নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী
নজরুলের সংগ্রামী চেতনা ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান উপাচার্যের
জাককানইবি প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় সংগীত বিভাগের ‘সন্ধ্যামালতী’ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, সৈনিক, গীতিকার, শিল্পী ও সাংবাদিকসহ বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তবে তাঁর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল সংগ্রামী চেতনা। তিনি নিরীহ, নিপীড়িত, নিগৃহীত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে আজীবন সংগ্রাম করেছেন।
তিনি আরও বলেন, প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠলেও নজরুল কখনো সংগ্রাম থেকে পিছপা হননি। সংগ্রামের মধ্য দিয়েই তিনি জয়ী হয়েছেন। তিনি ছিলেন প্রকৃত অর্থেই সংগ্রামের মহাপুরুষ। নজরুলের মতো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করতে পারলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করলেও তাঁকে জীবনের বিভিন্ন সময়ে নিগ্রহ, বঞ্চনা ও তিরস্কারের শিকার হতে হয়েছে। জীবনের শেষভাগে নির্বাক হয়ে না পড়লে তিনি হয়তো আমাদের আরও অনেক মূল্যবান সৃষ্টি উপহার দিতে পারতেন। তবে তাঁর রেখে যাওয়া সাহিত্যকর্ম ও অবদানই আমাদের জন্য অপরিসীম।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তোমাদের নজরুলের চেতনা ধারণ করতে হবে এবং তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মের চর্চা অব্যাহত রাখতে হবে। যারা প্রকৃত অর্থে নজরুলকে ধারণ করতে পারবে, তাদের জীবনে সফলতা আসবেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ‘নজরুলের সৃষ্টিতে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ও নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান, নজরুল গবেষক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)।
সেমিনারের পাশাপাশি কবি নজরুলের মৃত্যুবার্ষিকী, ঈদে মিলাদুন্নবী ও নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত পূর্ববর্তী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





