মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

সৌদির সঙ্গে হজ চুক্তি, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
সৌদির সঙ্গে হজ চুক্তি, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের জন্য ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি সরকার। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছেন। এর আগে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল।

ধর্মমন্ত্রী আরও জানান, হজ কোটা নির্ধারণে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় এসেছে। তবে অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী।

কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। এ সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহকে ধন্যবাদ জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহবিষয়ক সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz