মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। ধোঁয়ায় তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন লাইফ সাপোর্টে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।

গুরুতর অসুস্থ রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

চিকিৎসকেরা জানান, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। বর্তমানে চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাঁদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন।

রোগীদের চিকিৎসায় পালমোনোলজিস্ট, শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা কাজ করছেন। সংকটাপন্ন একজন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনায়ও মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে।

ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, কয়েকজন রোগী আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাঁদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড়পত্র দেওয়া হতে পারে। চিকিৎসকদের মতে, বার্ন রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাঁদের ঝুঁকিমুক্ত বলা যায় না।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz