ঢাবিতে ককটেল বিস্ফোরণ: কর্মচারী সাময়িক বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ জোরদার করা হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে অন্তত সাত থেকে আটটি স্থানে ৮ থেকে ১০টি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় টিএসসি ও মেট্রোরেল স্টেশন এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলে রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩) নামের তিন সন্দেহভাজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





