মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’

রয়টার্সের প্রতিবেদন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
‘খাবার কেনার আগেও দুবার ভাবি, খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ’
ছবি: রয়টার্স

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকেরা। বাড়িভাড়া, খাবার ও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তাঁদের অনেকেই প্রয়োজনীয় ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন। এমনকি সংসারের খরচ সামলাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ করে দিয়েছেন আশুলিয়ার এক পোশাকশ্রমিক।

রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে গাজীপুরের পোশাকশ্রমিক শিল্পী খাতুনের জীবনসংগ্রামের চিত্র। ২৭ বছর বয়সী শিল্পী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বেকার স্বামী, বৃদ্ধ বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির দায়িত্ব তাঁর কাঁধে। গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ্য না থাকায় প্রতিদিন ভোরে কাঠ দিয়ে মাটির চুলায় রান্না করেন তিনি। এরপর কাজে যান কারখানায়।

পোশাকশিল্পে পাঁচ বছর ধরে কাজ করছেন শিল্পী। তাঁর ভাষ্য, সবকিছুর দাম বেড়েছে। ঘরভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দামও বেশি। যা আয় করেন, মাস শেষ হওয়ার আগেই তা শেষ হয়ে যায়। মধ্যাহ্নভোজের জন্য বাড়ির সামনে থেকে শাক কুড়িয়ে আনতে হয় তাঁকে।

নূ্যনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে আন্দোলনে নামেন হাজার হাজার পোশাকশ্রমিক। এ সময় কয়েকশ কারখানা বন্ধ হয়ে যায়। পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

শ্রমিকদের অসন্তোষের মুখে গত ৪ নভেম্বর মজুরি বোর্ড সিদ্ধান্ত নেয়, ডিসেম্বর থেকে সংশোধিত মজুরি কাঠামো কার্যকর করা হবে। তবে কতটা মজুরি বাড়ানো হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা আগামী জানুয়ারিতে প্রথম বেতন পাবেন।

শিল্পী জানান, পাঁচ বছর আগে চাকরি শুরুর সময় তাঁর বেতন ছিল ৯ হাজার টাকা। এখন মূল বেতন ১৩ হাজার ৫০০ টাকা। ওভারটাইমসহ মাসে প্রায় ১৬ হাজার টাকা পান। কিন্তু পরবর্তী বেতনের দিন আসার আগেই সব টাকা শেষ হয়ে যায়। সংসারের খরচ চালাতে কখনো কখনো পুরো পরিবারকে শুধু মুড়ি খেয়ে দিন কাটাতে হয়। শারীরিক অবস্থার অবনতি হলেও গত তিন বছরে চিকিৎসকের কাছে যেতে পারেননি তিনি।

আশুলিয়ার একটি কারখানার ২৯ বছর বয়সী সেলাই অপারেটর রোকসানা পারভীনের অভিজ্ঞতাও প্রায় একই। তিনি বলেন, যেকোনো কিছু, এমনকি খাবার কেনার আগেও তাঁকে দুবার ভাবতে হয়। মেয়েদের ভালো খাবার দিতে চান, কিন্তু সামর্থ্য না থাকায় তা পারেন না। দুই মেয়েকে নিয়ে প্রায়ই ভাত ও সবজি খেয়ে দিন কাটাতে হয় তাঁদের। মাছ-মাংস এখন বিলাসিতার মতো। সংসারের খরচ কমাতে এক মেয়ের পড়াশোনাও বন্ধ করে দিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপ অব্যাহত রয়েছে। এ সময়ে গড় মূল্যস্ফীতি ছিল প্রায় ৯ শতাংশ। প্রথমে খাদ্যপণ্যের দাম বাড়লেও পরে খাদ্যবহির্ভূত পণ্যের খরচও বেড়েছে।

চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো বৈশ্বিক ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি হয় বাংলাদেশে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। এ শিল্পে কর্মসংস্থান হয়েছে ৪০ লাখের বেশি মানুষের।

তবে কারখানামালিকদের দাবি, মজুরি অনেক বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় তাঁদের মুনাফাও কমছে। মালিকদের ভাষ্য, মূল বেতনের পাশাপাশি শ্রমিকেরা বছরে ৯ শতাংশ ইনক্রিমেন্ট ও দুটি উৎসব বোনাস পান। তাই বড় ধরনের মজুরি বৃদ্ধির সুযোগ সীমিত।

তথ্যসূত্র: রয়টার্স

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz