মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
ছবি: সংগৃহীত

ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একগুচ্ছ বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ নিয়েছে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। এ লক্ষ্যে একাধিক বিল জমা দিয়েছেন জোটের দলগুলো।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের প্রথম অধিবেশনে এসব বিল জমা দেওয়া হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিল।

আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি নেতানিয়াহু সরকারের কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ডেমোক্র্যাটস পার্টি।

জোটের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়া, শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, হামলার সময় নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন তিনি। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।

বিরোধী জোটের প্রস্তাবগুলোর বড় অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের আওতায় পাস হওয়া আইন বাতিলের লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সমালোচকদের দাবি, বিচার বিভাগ সংস্কারের নামে এসব পরিবর্তন দেশটির গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত করছে। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন। একই সঙ্গে এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।

অন্যদিকে, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের প্রস্তাবে আইনজীবী সমিতির দুই প্রতিনিধির পরিবর্তে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের রাখার কথা বলা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।

২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাস করা হয়েছিল।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz