১৩ কোটি টাকার লিফটে আতঙ্ক, বারবার আটকে পড়ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
রাশেদ হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা লিফটগুলোই এখন শিক্ষক-শিক্ষার্থীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার যান্ত্রিক ত্রুটি, মাঝপথে বিকল হয়ে যাওয়া, সেন্সরের অকার্যকারিতা এবং জরুরি যোগাযোগব্যবস্থার দুর্বলতায় এসব লিফট ব্যবহার করতে গিয়ে ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে ব্যবসায় প্রশাসন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন এবং দুটি আবাসিক হলের জন্য সুইজারল্যান্ড থেকে আমদানি করা ৫৫০ ব্র্যান্ডের মোট ১৫টি লিফট স্থাপন করা হয়। এসব লিফট স্থাপনে ব্যয় হয় প্রায় ১৩ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে দুটি আবাসিক হলে ৯টি এবং দুটি অনুষদ ভবনে ৬টি লিফট স্থাপন করা হয়।
তবে স্থাপনের পর থেকেই অনুষদ ভবনের কয়েকটি লিফট নিয়মিত বিকল থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি লিফট অধিকাংশ সময় অচল থাকায় বাকি দুটি লিফটের ওপর নির্ভর করে প্রতিদিন পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলাচল করতে হচ্ছে। এতে লিফট ব্যবহারে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।
অন্যদিকে, গত এক মাসেরও বেশি সময় ধরে শিউলিমালা ও বিদ্রোহী হলের একাধিক লিফট প্রায় অচল অবস্থায় রয়েছে। সচল থাকা লিফটগুলোরও অধিকাংশের সেন্সর ঠিকমতো কাজ করে না। চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য থাকা কলিংবেল ও টেলিফোন অনেক ক্ষেত্রে অকেজো থাকায় লিফটে আটকে পড়লে দ্রুত সহায়তা পাওয়ার সুযোগ নিয়েও উদ্বেগ রয়েছে।
লিফটে আটকে পড়ার অভিজ্ঞতা তুলে ধরে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী নাঈম আজাদ বলেন, ‘সামাজিক বিজ্ঞান অনুষদের একটি লিফটে আমিসহ আরও সাতজন শিক্ষার্থী প্রায় ৪০ মিনিট আটকে ছিলাম। ইমার্জেন্সি বাটন চাপলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজার ফাঁক দিয়ে খাতার পৃষ্ঠা নাড়িয়ে বাইরে থাকা লোকজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি। একপর্যায়ে একজন শিক্ষকের নজরে বিষয়টি এলে উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রায় ৪০ মিনিট পর আমরা বের হতে পারি।’
ফোকলোর বিভাগের শিক্ষার্থী বুশরা তাসলিম বলেন, ‘আমি তিনবার লিফটে আটকে গেছি। দুইবার অনুষদ ভবনে এবং একবার হলে। কখনো বিদ্যুৎবিভ্রাট, কখনো যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে লিফট বন্ধ হয়ে গেছে। প্রতিবারই আতঙ্কের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। হলে প্রায়ই লিফট বন্ধ থাকে।’
বিদ্রোহী হলের লিফট অপারেটর আরিফুল ইসলাম বলেন, ‘হলের ডান পাশের একটি লিফটের কলিংবেল ও টেলিফোন দীর্ঘদিন ধরে বিকল। কেউ ভেতরে আটকে গেলে তাৎক্ষণিকভাবে বোঝার কোনো উপায় থাকে না। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
ভর্তি পরীক্ষার তারিখ বদলাল রাবি
৩ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





