রমজানের আগে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে পরিশোধের সুযোগ
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের ঋণসুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সুবিধায় পণ্য আমদানির পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন আমদানিকারকেরা।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রমজানে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকেরা আগেভাগে পণ্য আমদানি করতে পারবেন এবং পণ্য আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাবেন।
তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা চায় না বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকেরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকদের পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ করতে হবে না। আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করা যাবে।
এর আগে গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





