গোবিপ্রবির প্রধান ফটকে শেখ মুজিবের নামে ব্যানার টানালেন আ.লীগ নেতাকর্মীরা, ভাঙলেন নামফলক
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গোবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন এবং মারধরের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
পরে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করেন এবং সেখানে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।
ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন। নেতাকর্মীরা ব্যানার টানিয়ে চলে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকে অবস্থান নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। আমরা শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্টদের ডিসির সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ব্যানারটি অপসারণের ব্যবস্থা নিতে বলেছি। বিষয়টি একটি জাতীয় ইস্যু হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ছেড়ে দিচ্ছি। প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করব।”
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





