মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ফিচার

হেমন্তের শিশিরভেজা ভোরে শিউলির সুবাসে মুগ্ধ কুবি ক্যাম্পাস

চারপাশে ছড়িয়ে থাকা মিষ্টি সুবাস জানান দেয়, ঋতুর পালাবদলে প্রকৃতিও সেজেছে নতুন সাজে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ৩:১০ পূর্বাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
হেমন্তের শিশিরভেজা ভোরে শিউলির সুবাসে মুগ্ধ কুবি ক্যাম্পাস
হেমন্তের শিশিরভেজা ভোরে শিউলির সুবাস। ছবি: সানজিদা আক্তার সাথী

সানজিদা আক্তার সাথী, কুবি

ক্যাম্পাসের সকাল সব সময় একরকম হয় না। কখনো ব্যস্ততায় মুখর, কখনো আবার নীরবতায় ঘেরা। তবে শরৎ পেরিয়ে হেমন্তের সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি জায়গায় দেখা মেলে ভিন্ন এক সৌন্দর্যের। সবুজ ঘাসের ওপর ছড়িয়ে থাকা সাদা পাপড়ি আর কমলা বোঁটার শিউলি ফুল যেন রাতের নিভৃত সৌন্দর্যের গল্প বলে যায়। চারপাশে ছড়িয়ে থাকা মিষ্টি সুবাস জানান দেয়, ঋতুর পালাবদলে প্রকৃতিও সেজেছে নতুন সাজে।

শিউলি এমন এক ফুল, যার সৌন্দর্য দীর্ঘস্থায়ী নয়; বরং ক্ষণিকের উপস্থিতিতেই সে মুগ্ধ করে। সন্ধ্যার পর ফুটতে শুরু করে ফুলটি। রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই ঝরে পড়ে মাটিতে। গাছের ডালে ফুটে থাকা ফুলের চেয়ে মাটিতে ছড়িয়ে থাকা শিউলির সৌন্দর্য যেন আরও বেশি মায়াবী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের পাশের ঢালু জায়গাটিতে রয়েছে সারি সারি শিউলি গাছ। সবুজ ঘাসের ওপর ছড়িয়ে থাকা ঝরে পড়া ফুলগুলো ভোরের আলোয় আরও স্পষ্ট হয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের বুকে কেউ যেন সাদা-কমলা রঙের ছোট ছোট বিন্দু ছড়িয়ে রেখেছে।

ক্যাম্পাসের ব্যস্ত জীবনে এমন দৃশ্য শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে প্রশান্তির উপলক্ষ। কেউ ক্লাস শুরুর আগেই চলে আসেন শিউলি দেখতে, কেউ ফুল কুড়িয়ে নেন, কেউ মুঠোফোনে ধারণ করেন এই সৌন্দর্য। আবার কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করেন চারপাশের পরিবেশ। কারও কাছে এটি নিছক ফুলের সৌন্দর্য, কারও কাছে শৈশবের স্মৃতি কিংবা প্রিয় কোনো ঋতুর ফিরে আসা।

ক্যাম্পাসের শিউলি ফুলের মুগ্ধতার বর্ণনা দিতে গিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আনিকা ইসলাম সুমাইয়া বলেন, ‘সকালে ঘুমচোখে ক্লাসে যাওয়ার সময় ক্যাম্পাসের শিউলি গাছটার নিচ দিয়ে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। চারপাশের এত ব্যস্ততার মাঝেও শিউলি ফুলের মিষ্টি গন্ধটা মন জুড়িয়ে দেয়, আর মনে হয় একটু থেমে চারপাশটা দেখি। ঘাসের ওপর ঝরে পড়া সাদা-কমলার ওই ফুলগুলো যেন সকালের এক টুকরো শান্তি, যা সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করে দেয়।’

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তাজিম তাবাসসুম বলেন, ‘আমি শিউলি গাছের নিচে গিয়ে দেখি, চারপাশে অনেক ফুল ঝরে পড়ে আছে। সেখান থেকে কয়েকটি ফুল হাতে নিয়ে এর মিষ্টি সুবাসে মুগ্ধ হয়ে যাই। ক্যাম্পাসে এমন সুন্দর একটি জায়গা রয়েছে, যা সত্যিই মন ভালো করে দেয়।’

শিউলি ফুলের বৈজ্ঞানিক নাম Nyctanthes arbor-tristis। এটি নিক্টান্থেস (Nyctanthes) প্রজাতির একটি ফুল। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে এ ফুল দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যফুল এবং থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের প্রাদেশিক ফুল।

শিউলি গাছের বাকল নরম ও ধূসর বর্ণের। গাছটি প্রায় ১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতাগুলো সাধারণত ৬ থেকে ৭ সেন্টিমিটার লম্বা হয়।

দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাস ফিরে পায় তার চেনা ব্যস্ততা। শিক্ষার্থীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে চারপাশ। তবে সব ব্যস্ততার মাঝেও শিউলিঘেরা সেই ভোর ক্যাম্পাসের সৌন্দর্যে যোগ করে ভিন্ন এক মাত্রা। ঋতুর পালাবদলে প্রতিবছর ফিরে আসে শিউলি, আর তার সুবাসে নতুন করে ধরা দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকাল।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz