মূল অংশে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

গোপালগঞ্জে ফের সহিংসতা, বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ · আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ · ৪ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে ফের সহিংসতা, বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জেলার কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, রেলস্টেশনে হামলা ও বিভিন্ন স্থানে মিছিলের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বরের সহিংসতার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। এর মধ্যে মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হন। গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে তাঁরা থানা ঘেরাও করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে বিক্ষুব্ধ ব্যক্তিরা থানার ভেতরে আগুন ধরিয়ে দেন। থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

এরপর সহিংসতা টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়। নীলফা এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের পথ আটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। অবরোধের কারণে কয়েকটি স্থানে আগুন নেভাতে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করা হয়। বুধবার কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ভাঙচুরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় আগুন দেওয়া হয়। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

কাশিয়ানীতে আওয়ামী লীগের কার্যালয়ও খুলে দিয়েছেন বিক্ষুব্ধ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। উপজেলার একটি রেলস্টেশনে হামলার খবরও পাওয়া গেছে। অন্যদিকে কোটালীপাড়ায় প্রায় দুই বছর বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন স্থানে বুধবার দিনের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ছাত্রলীগের মিছিল করার খবর পাওয়া গেছে। বিভিন্ন উপজেলায় মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণও বাজানো হচ্ছে। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে বুধবার সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ চলছে। স্থানগুলো হলো নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়। এসব স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। অবরোধস্থলে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

নীলফাবাজার মোড়ে অবরোধে অংশ নেওয়া একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষকে সতর্কভাবে চলাচল করতে দেখা গেছে।

সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি কম ছিল। তবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবির সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের প্রধান ফটকে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছিলেন। পরে কার্যালয়ের নিরাপত্তায় বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়।

এদিকে বুধবার গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন ড. জিএম সরফরাজ। তবে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সহিংসতার ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এসব ঘটনায় মামলা দায়েরের খবরও পাওয়া যায়নি।

অন্যদিকে আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে জেলাজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেলার অন্য উপজেলাগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এ ছাড়া টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা ব্যারাক ছেড়ে চলে গেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

সব মিলিয়ে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও অবরোধের ঘটনায় গোপালগঞ্জের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের পরও জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz