ভারতে বসে বাংলাদেশে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে: রিজভী
কলকাতা, দিল্লি ও ব্যাংককে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে
ভারতে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ভারতে অবস্থান করে পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলার নির্দেশ দেওয়া হচ্ছে। দেশে কিছু তরুণকে দিয়ে এসব নাশকতামূলক কর্মকাণ্ড করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাঁকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ এখন তারাই ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। কিন্তু আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতে বোমাবাজির মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমানো যাবে না।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই ভাসানী বুঝতে পেরেছিলেন, পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখতেও ভূমিকা পালন করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময় এবং ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে উল্লেখ করেন রিজভী। তাঁর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নতুন প্রজন্মের কাছে ভাসানীর আদর্শ তুলে ধরতে তাঁর সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু ও বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





