মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
ক্যাম্পাস

রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে এই গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

আগামী ২৬ অক্টোবর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে জানিয়েছেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

তিনি বলেন, "আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের আগামী ২৬ অক্টোবরে সিনেট ভবনে শপথ বাক্য পাঠ করানো হবে।"

শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে তিনি জানান, কেন্দ্রীয় সংসদের নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। অন্যদিকে, হল সংসদের প্রতিনিধিদের শপথ গ্রহণ করাবেন সংশ্লিষ্ট হল সংসদের সভাপতি অর্থাৎ প্রাধ্যক্ষ।

গেজেট হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ এবং নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমিনুল হক, অধ্যাপক মোহা. এনামুল হক ও 

অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ তিন যুগ পর গত ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।