রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু
প্রতিনিধি, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু হয়েছে। ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক এ সম্মেলনে নয়টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আবদুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের সদস্যসচিব ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সায়েদা আনজু।
উদ্বোধনী বক্তব্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, ‘আমি প্রচলিত অর্থে একজন বক্তা নই এবং আমি কোনো লিখিত বক্তব্যও প্রস্তুত করে আসিনি। আমি সবসময় তাৎক্ষণিকভাবে কথা বলেছি এবং সবসময় নিজের মনের কথা বলেছি।’ এ সময় সম্মেলনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এর সফলতা কামনা করেন প্রধান বিচারপতি।
সকাল ১১টায় সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ম্যাককুয়ারি ল স্কুলের ইমেরিটাস অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম এবং মালয়েশিয়ার মালয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেরি জর্জ।
পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আবু নাসের এম. ওয়াহিদ। অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা।
সম্মেলনের আয়োজকরা জানান, এ সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, আইন পেশাজীবী ও শিক্ষাবিদরা একত্রিত হয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সমসাময়িক আইনগত বিষয় নিয়ে একাডেমিক আলোচনা করবেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইনসহ বিভিন্ন আইনগত বিষয়ে আলোচনা ও মতবিনিময় হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ২টায় সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। এতে সম্মানিত অতিথি হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হুসাইন, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি বিচারপতি মো. এমদাদুল হক আজাদসহ অন্যরা উপস্থিত থাকবেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
১৭ ঘণ্টা আগে💬 মন্তব্য
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





