মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
তথ্য ও প্রযুক্তি

২০ মিনিটে বাইন্যান্সের ৬.৩ বিলিয়ন ডলার চুরি

ইতিহাসের ভয়াবহ সাইবার হামলা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ২:২৭ অপরাহ্ণ · ৪ মিনিটে পড়ুন
২০ মিনিটে বাইন্যান্সের ৬.৩ বিলিয়ন ডলার চুরি
ছবি: সংগৃহীত

মাত্র ২০ মিনিটে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের ডিজিটাল সম্পদ সরিয়ে নিয়েছে হ্যাকাররা। ঘটনাটিকে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা হিসেবে দেখা হচ্ছে। হামলার পর কীভাবে বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভাঙা হলো, কারা জড়িত এবং লুট হওয়া অর্থের কতটা উদ্ধার করা সম্ভব হবে—এসব প্রশ্ন সামনে এসেছে।

যেভাবে ঘটল চুরি

বাইন্যান্সের তথ্য ও ব্লকচেইনে সংরক্ষিত লেনদেন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেনদেন পরিচালনায় ব্যবহৃত প্রতিষ্ঠানটির একাধিক ওয়ালেট থেকে প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি সরিয়ে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বাইন্যান্স জানায়, প্রথমে তাদের ধারণা ছিল একটি ল্যাপটপের নিয়ন্ত্রণ নিয়ে হামলাটি চালানো হয়েছে। তবে পরবর্তী তদন্তে নিরাপত্তাব্যবস্থা ভাঙার আরও কয়েকটি সম্ভাব্য পথ ও দুর্বলতা শনাক্ত হয়েছে। অবশ্য সেগুলোর বিস্তারিত প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসের মতে, হামলাকারীরা বাইন্যান্সের লেনদেন অনুমোদনের কাজে ব্যবহৃত ‘সাইনিং ইনফ্রাস্ট্রাকচার’-এর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল। এর ফলে আক্রান্ত ওয়ালেটগুলো থেকে অর্থ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার সুযোগ পায় তারা।

ব্লকচেইন রেকর্ড অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার পর অর্থ সরানোর কার্যক্রম শুরু হয়। মাত্র ২০ মিনিটেই লুটের বড় অংশ সম্পন্ন করে হ্যাকাররা।

এরপর চুরি হওয়া সম্পদ বিভিন্ন ডিজিটাল ঠিকানায় সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, যাতে বাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান ও স্টেবলকয়েন ইস্যুকারীরা সেগুলো জব্দ করতে না পারে। তবে চুরি হওয়া সম্পদের প্রায় অর্ধেক ইতোমধ্যে জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বাইন্যান্স।

বাইন্যান্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড টেং জানিয়েছেন, চুরি হওয়া সম্পদের ক্ষতি কোম্পানির বিশেষ তহবিল ও নিজস্ব সম্পদ থেকে পূরণ করা হবে। গ্রাহকদের সম্ভাব্য ক্ষতি সামাল দিতে বাইন্যান্সের এক বিলিয়ন ডলারের বিটকয়েনভিত্তিক একটি রিজার্ভ রয়েছে।

কারা চালিয়েছে হামলা?

হামলার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকারদের আগের কয়েকটি সাইবার অভিযানের মিল রয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান। তবে বাইন্যান্সের সহ-প্রধান নির্বাহী রিচার্ড টেং জানিয়েছেন, তদন্তে এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

উত্তর কোরিয়া বরাবরই সাইবার হামলা ও ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ অস্বীকার করে আসছে।

টিআরএম ল্যাবস জানিয়েছে, বাইন্যান্সে চালানো হামলার সঙ্গে গত বছর ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে সংঘটিত সাইবার হামলার বেশ কিছু মিল রয়েছে। ওই হামলার জন্য উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

অন্যদিকে ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিস জানিয়েছে, গত মাসে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটজেটে হামলায় চুরি হওয়া অর্থের সঙ্গে বাইন্যান্স থেকে লুট করা সম্পদ মেশানো হচ্ছে।

লুটের অর্থ কোথায়?

বাইন্যান্স থেকে চুরি হওয়া সম্পদের প্রায় অর্ধেক ছিল স্টেবলকয়েন। টেথার, সার্কেল, রিপল এবং ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টো উদ্যোগ ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইস্যু করা এসব ডিজিটাল সম্পদের কিছু অংশ ইতোমধ্যে জব্দ করা হয়েছে।

তবে সম্পদ জব্দ হলেই সেগুলো সরাসরি বাইন্যান্সের কাছে ফেরত যাবে—এমন নিশ্চয়তা নেই। তবে জব্দের ফলে হ্যাকারদের জন্য এসব সম্পদ নগদ অর্থে রূপান্তর করা কঠিন হয়ে পড়েছে।

টিআরএম ল্যাবসের হিসাবে, প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিটকয়েন ও ইথার এখনো জব্দের বাইরে রয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক ব্লকচেইন গোয়েন্দা প্রতিষ্ঠান চেইনআর্গোসের প্রধান আইন কর্মকর্তা প্যাট্রিক ট্যান বলেন, বিটকয়েন ও ইথার কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইস্যু করে না। ফলে কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এসব সম্পদ সরাসরি জব্দ করা সম্ভব নয়।

তার মতে, হ্যাকাররা এসব সম্পদ এমন কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ব্রোকারের কাছে পাঠালে তা আটকে দেওয়া সম্ভব হতে পারে, যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির সে সক্ষমতা থাকে এবং তারা ব্যবস্থা নিতে আগ্রহী হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিগত ডিজিটাল চাবি বা ‘প্রাইভেট কি’ নিয়ন্ত্রণে নিতে পারলেও সম্পদ আটকে দেওয়া সম্ভব।

এদিকে বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও বিশ্লেষকদের ধারণা, চুরি করা অর্থের উৎস আড়াল করতে হ্যাকাররা সেগুলো অন্য ডিজিটাল সম্পদের সঙ্গে মেশানোর চেষ্টা করতে পারে। অর্থ স্থানান্তরে কম পরিচিত ক্রিপ্টোকারেন্সি ও এক্সচেঞ্জ ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

স্টেবলকয়েন অবকাঠামো প্রতিষ্ঠান ট্রেস ফাইন্যান্সের প্রধান নির্বাহী বার্নার্ডো ব্রিটেস বলেন, সাধারণত এ ধরনের হামলার পর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া অর্থ সরিয়ে ফেলার চেষ্টা করে হ্যাকাররা। সময় যত বাড়ে, অন্য এক্সচেঞ্জ বা পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তরের সুযোগ তত কমে যায়। কারণ, একপর্যায়ে এসব সম্পদ কালো তালিকাভুক্ত হয়ে পড়ে।

চেইনঅ্যানালাইসিস জানিয়েছে, তদন্তকারীরা অর্থ পাচারের এমন কিছু কৌশল শনাক্ত করছেন, যা আগে দেখা যায়নি। অল্প সময়ে হাজার হাজার লেনদেনের মাধ্যমে অর্থের গতিপথ আড়াল করতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে হামলাকারীরা।

ক্রিপ্টো বাজারে প্রভাব

বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি খাতে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বাড়ছে। বাইন্যান্সে সর্বশেষ এই হামলা ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

টিআরএম ল্যাবসের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ১৫০টি পৃথক ঘটনায় মোট ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল।

বাইন্যান্সে হামলার পর বিনিয়োগকারীদের আস্থাতেও প্রভাব পড়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির বাজারদর কমেছে। একই সঙ্গে স্টেবলকয়েনের সম্মিলিত বাজারমূল্যও হ্রাস পেয়েছে।

বিশ্লেষকদের মতে, বাজারের এই নিম্নমুখী প্রবণতা থেকে ডিজিটাল সম্পদ খাত থেকে বিনিয়োগকারীদের অর্থ সরিয়ে নেওয়ার প্রবণতার ইঙ্গিত মিলছে।

তথ্যসূত্র: রয়টার্স

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz